আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের
স্টাফ রিপোর্টার, রাজবাড়ী:
রাজবাড়ী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপী এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা।
এ সময় তিনি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা ও পোশাক-পরিচ্ছন্নতা পরিদর্শন করেন। দক্ষতা ও উত্তম পোশাকের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের পুরস্কৃত করা হয়।
পরে পুলিশ লাইন্সের ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যরা তাঁদের ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন সমস্যা ও বিষয় তুলে ধরেন।
সভায় পুলিশ সদস্যদের আইনশৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণের মাধ্যমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এ সময় বিভিন্ন মানদণ্ড ও কর্মদক্ষতার ভিত্তিতে জেলা পুলিশের কয়েকজন কর্মকর্তা ও সদস্যকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও তাঁর টিম। গোয়ালন্দঘাট থানা এলাকায় ফারুক শেখ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও দ্রুত সময়ে আসামি গ্রেপ্তারে ভূমিকার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
এ ছাড়া সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট কুশল কুমার সাহা, পাংশা থানার এসআই (নিঃ) মো. নাসিরুজ্জামান, সাইবার ক্রাইম সেলের এসআই (নিঃ) আশিক ইমরান ও তাঁর টিম, রাজবাড়ী সদর থানার এএসআই (নিঃ) নুর আলম এবং বালিয়াকান্দি থানার এএসআই (নিঃ) ওবায়দুল ইসলামকে কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে অসামান্য সহায়তার স্বীকৃতি হিসেবে গ্রাম পুলিশ শ্রী উত্তম কুমার বিশ্বাসকেও পুরস্কার দেওয়া হয়।
পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ সুপার।
মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভায় রাজবাড়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।