স্টাফ রিপোর্টার: রাজবাড়ীতে বিকাশ প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার ৫০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৮টি মোবাইল ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাশ প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে রাজবাড়ী সদর থানা পুলিশ। অভিযানের ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলার পদ্মা থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেরা ইউনিয়নের মটরা গ্রামে অভিযান চালিয়ে তার সহযোগী হাফিজুল মাতুব্বরকে নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেরা ইউনিয়নের মটরা গ্রামের মৃত এরফান মাতুব্বরের ছেলে চাঁন মিয়া (৫৪) এবং একই গ্রামের রোকন মাতুব্বরের ছেলে হাফিজুল মাতুব্বর (৩০)।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ২ লাখ ২২ হাজার ৫০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন ফোন এবং বিভিন্ন মোবাইল অপারেটরের ১২টি সিম কার্ড।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।