শিরোনাম
পাংশায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোন্তাজ গ্রেপ্তার রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে অবৈধভাবে সার পাচারের সময় ভ্যান জব্দ, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা কালুখালী ইউএনও কার্যালয়ে ঘুষ নেওয়ার অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা বদলি দৌলতদিয়ায় ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিওব্যাগ, পরিদর্শনে ইউএনও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত, নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি পাংশায় পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কীটনাশকবাহী পিকআপ দুর্ঘটনা পাংশায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, আহত ছেলে গোয়ালন্দে ইউএনও সাইফুল হুদার নেতৃত্বে অভিযান, ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার / ১৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে নারী উদ্যোক্তা ও আস্থা পোশাক শিল্প গার্মেন্ট এর মালিক জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বন্ধ করে দেওয়া তার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার পাশাপাশি নারী উদ্যোক্তা শাবনূর খাতুন, রিমি আক্তারসহ বিভিন্ন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, গত ২৯ আগস্ট রাজবাড়ী শহরের বড় বাজারে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জেরে তাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। ভিডিওতে পুলিশের উপস্থিতিতে কয়েকজন যুবক তাকে লাথি মারছেন বলে তিনি দাবি করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হলে তিনজনকে আটক করা হয়েছিল। তবে পরবর্তীতে তারা জামিনে মুক্তি পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জাকিয়া সুলতানা আরও অভিযোগ করেন, ঘটনার পর রাজবাড়ী কাপড় বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানটি জেলা বস্ত্র বিতান মালিক সমিতির পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তিনি ব্যবসা পরিচালনা করতে পারছেন না এবং আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নারী উদ্যোক্তারা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তার বন্ধ করে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান দ্রুত খুলে দিয়ে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

তারা বলেন, একজন নারী উদ্যোক্তার সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। ব্যবসায়িক কোনো বিরোধ বা মতবিরোধ থাকলে তা আইনগত ও সাংগঠনিকভাবে সমাধান করা উচিত। কোনো অবস্থাতেই একজন নারী উদ্যোক্তাকে শারীরিকভাবে হেনস্তা করা কিংবা তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া গ্রহণযোগ্য নয়।

সংবাদ সম্মেলন থেকে জাকিয়া সুলতানার নিরাপত্তা নিশ্চিত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg