স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাজবাড়ীর আজাদী ময়দানে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, রাজবাড়ী ও রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, রাজবাড়ীর ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ বিপিএম-সেবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, সংগীতসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করবে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, সাম্য ও মানবতাবাদী দর্শন সম্পর্কে আগ্রহ ও চর্চা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তাঁর সাহিত্য ও দর্শনের মধ্যে রয়েছে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির বার্তা।
তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবনাদর্শ ও চেতনা পৌঁছে দিতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সাহিত্য ও সংস্কৃতিচর্চা বাড়ানোর পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশেও এ প্রতিযোগিতা ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।