স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিলসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেগমপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. মিলন হোসেন খান (৩৮), একতারপুর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মো. তরিকুল আহমেদ তারেক (৩৮), ভগবতীতলা এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৮) এবং বরগুনার আমতলী এলাকার মৃত দেলোয়ার হোসেন খানের ছেলে মো. জুবায়ের হোসেন জুয়েল (৩৫)।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯৯ বোতল স্কাফ সিরাপ ও ১৮৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাবের তথ্যমতে, উদ্ধার করা ৯৯ বোতল স্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা এবং ১৮৭ বোতল ফেয়ারডিলের বাজারমূল্য ৫ লাখ ৬১ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৫৮ হাজার টাকা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপ ও ফেয়ারডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাবের তথ্যমতে, গ্রেপ্তার মো. মিলন হোসেন খানের বিরুদ্ধে একটি এবং মো. তরিকুল আহমেদ তারেকের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার অধিনায়কের পক্ষে জানান, উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে র্যাব-১০-এর অভিযান অব্যাহত থাকবে।