স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ মো. মেহেদী হাসান মিঠু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে ডিবি পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মিঠু কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পূর্ব সাতবাড়িয়া কাঠেরপুল এলাকার শরিফুল ইসলাম বাবুর ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, চেকপোস্টে ঢাকা মেট্রো-ব-১১-৩৭০৭ নম্বরের পদ্মা গড়াই পরিবহনে তল্লাশি চালানোর সময় মেহেদী হাসান মিঠুর কাছে থাকা একটি বাজারের ব্যাগে বিশেষ কায়দায় টেপ দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।