স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনের ডালায় ধাক্কা লেগে জিরে বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত জিরে বেগম উপজেলার দুর্গাপুর গ্রামের মো. জিন্নাহ শেখের স্ত্রী। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে জামালপুর বাজারের ফাতেমা কিন্ডারগার্টেনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপের ওষুধ কেনার জন্য বাজারে যাচ্ছিলেন জিরে বেগম। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনের ডালায় অসতর্কতাবশত তাঁর মাথায় ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে মধুখালী হয়ে ফরিদপুরে নেওয়া হয়। সেখানে সিটিস্ক্যানের পর চিকিৎসকরা জানান, তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।