স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: সরকারি অনুষ্ঠানে প্রবেশের পথে বিছানো লালগালিচা দেখে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। পরে লালগালিচার ওপর দিয়ে না হেঁটে পাশের পথ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তিনি।
শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।
গোয়ালন্দ উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকালে গোয়ালন্দে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এরপর উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রবেশের পথে আনুষ্ঠানিক অভ্যর্থনার অংশ হিসেবে লালগালিচা বিছানো ছিল। সেখানে পৌঁছে প্রতিমন্ত্রী লালগালিচার দিকে তাকিয়ে ইউএনও সাইফুল হুদাকে জিজ্ঞেস করেন, এটা দিয়েছেন কেন?
প্রশ্ন করার পর তিনি লালগালিচার ওপর দিয়ে না হেঁটে পাশের পথ ধরে অডিটরিয়ামের দিকে এগিয়ে যান। পুরো পথেই তাকে লালগালিচা এড়িয়ে চলতে দেখা যায়। এ সময় তার সঙ্গে থাকা স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীও লালগালিচার পাশ দিয়ে হাঁটেন।
তবে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথি ও নেতাকর্মীদের অনেককে লালগালিচার ওপর দিয়েই অডিটরিয়ামে প্রবেশ করতে দেখা যায়।
প্রতিমন্ত্রীর লালগালিচা এড়িয়ে চলার বিষয়টি উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, অতিথি ও স্থানীয়দের মধ্যে তাৎক্ষণিকভাবে আলোচনার সৃষ্টি করে। উপস্থিত কয়েকজন এটিকে সরকারি অনুষ্ঠানে অতিরিক্ত আনুষ্ঠানিকতা ও আড়ম্বর এড়িয়ে চলার একটি বার্তা হিসেবে দেখছেন।
তবে লালগালিচা ব্যবহার না করার বিষয়ে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। সেখানে গোয়ালন্দ উপজেলা পরিষদের এডিপির আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।