স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান এই প্রতিপাদ্যকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ীতে পালিত হয়েছে জুলাই-আগস্ট ২৪ গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ এবং শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের সেক্রেটারি মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য আঞ্জুমান আরা। সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রাজ্জাক মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. রফিকুল ইসলাম। এ সময় কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
যুব প্রধান মো. হালিম আল রাজি, উপ-যুব প্রধান-১ খন্দকার নাসিম রানা ও উপ-যুব প্রধান-২ জান্নাতুল সুলতানার নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট, রাজবাড়ী ইউনিটের স্বেচ্ছাসেবকেরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বক্তব্য দেন খন্দকার নাসিম রানা, মেহেরাব করিম সায়মুন, সাজিদ হাসান ও মোছা. শিউলি খাতুনসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতীয় চেতনা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করেছে। রেড ক্রিসেন্টের মূলনীতিকে ধারণ করে মানবিক সেবা, মানুষের পাশে দাঁড়ানো এবং দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।