স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে ১৮০ পুরিয়া (১৮ গ্রাম) হেরোইনসহ মোছা. রিনা খাতুন (৫৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিনা খাতুন ওই এলাকার মো. কাইয়ুম শেখের স্ত্রী। তিনি উত্তর দৌলতদিয়া বাজার এলাকায় পান্নু মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা খাতুনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৮ গ্রাম। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রিনা খাতুন দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে মাদকসহ তাকে একাধিকবার গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। বর্তমানে তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আটটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।