স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাইফুল হুদা। সদ্য বিদায়ী ইউএনও সাথী দাসের বদলির পর তাঁর স্থলাভিষিক্ত হলেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাইফুল হুদা। এর একদিন আগে রোববার (৩ আগস্ট) বিদায়ী ইউএনও সাথী দাস গোয়ালন্দ থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেন।
সাইফুল হুদা ময়মনসিংহ জেলার বাসিন্দা। তিনি ২০০৫ সালে ময়মনসিংহ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে ময়মনসিংহ কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে আনন্দমোহন কলেজ থেকে ২০১৬ সালে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ২০১৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
৩৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে সাইফুল হুদা রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দিনাজপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে পদোন্নতি পেয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।এবার তাঁকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন ইউএনও সাইফুল হুদার যোগদানের মধ্য দিয়ে গোয়ালন্দ উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।