স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস গোল্ডেন লাইন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মো. বাবলু শেখ (চালক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার পাইকারা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু শেখ কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের সাদেক ডাক্তারের ছেলে।
স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনটি একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে রাজবাড়ীগামী একটি মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মাহিন্দ্রাচালক বাবলু শেখ ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাহিন্দ্রায় থাকা পাঁচ যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মাহিন্দ্রা থেকে আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, মাহিন্দ্রাচালককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।