স্টাফ রিপোর্টার,রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুমে নিরাপদ চলাচল নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ি।
সোমবার (২৭ জুলাই) নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালনা করেন।
এতে গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়, দৌলতদিয়া মডেল হাই স্কুল এবং চাঁদখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১,২০০ থেকে ১,৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কর্মসূচিতে শিক্ষার্থীদের সাঁতার শেখার প্রয়োজনীয়তা, নিরাপদ পরিবেশে ও অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার কৌশল এবং জলাশয়ে নিরাপদ আচরণ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি নদী, পুকুর ও খালে চলাচলের সময় করণীয়, বর্ষা মৌসুমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন, নৌযানে যাতায়াতের সময় নিরাপত্তাবিধি মেনে চলা এবং জলদুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়, অপ্রয়োজনে নদী বা গভীর জলাশয়ে নামা থেকে বিরত থাকতে হবে। সাঁতার না জানা অবস্থায় কখনো একা পানিতে নামা যাবে না। নৌকা বা ট্রলারে চলাচলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত অভিভাবক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, বাংলাদেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ, বিশেষ করে শিশু-কিশোর, পানিতে ডুবে প্রাণ হারায়। সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ আচরণের মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের নিরাপদ স্থানে অভিভাবকের উপস্থিতিতে সাঁতার শেখার প্রতি উৎসাহিত করছি। পাশাপাশি নদী, পুকুর ও খালে চলাচলের সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে বাস্তবধর্মী পরামর্শ দেওয়া হচ্ছে। নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পর্যায়ক্রমে এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা করা হবে। আমাদের লক্ষ্য জলদুর্ঘটনা কমিয়ে শিক্ষার্থীদের নিরাপদ রাখা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।