স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটি অর্থের বিনিময়ে গঠন করা হয়েছে এমন অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতারা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় দৌলতদিয়া মাছ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের পদবঞ্চিত নেতারা।
লিখিত বক্তব্যে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন সরদার বলেন, তারা গত ১৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দলের কার্যক্রমে অংশ নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ করেছেন।
সংগঠন করতে গিয়ে প্রশাসন ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণও করেছেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি ঘোষিত দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক অতীতে কৃষক দলের কোনো কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না। বরং তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন।
বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর তারা দল পরিবর্তন করে অর্থের বিনিময়ে উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক এবং জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুবকে প্রভাবিত করে কমিটির শীর্ষ পদ লাভ করেছেন।
বাহাউদ্দিন সরদার আরও দাবি করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কাছে ইউনিয়ন কৃষক দলের কমিটি বিক্রি করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি এবং জেলা কৃষক দলের আহ্বায়কের দলীয় পদ থেকে অব্যাহতি এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
একই সঙ্গে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতাদের বিষয়টি তদন্তের আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কার সিদ্দিক বলেন, যাদের হাতে সংগঠনের নেতৃত্ব নিরাপদ মনে করেছি, তাদের হাতেই দায়িত্ব দেওয়া হয়েছে। বাহাউদ্দিন সরদার সাধারণ সম্পাদক থাকাকালে ইউনিয়নের একটি ওয়ার্ড কমিটিও গঠন করতে পারেননি।
তিনি আরও বলেন, তারা আমাদের কাছে পদ-পদবি চেয়েছিলেন। আমরা তা দিতে পারিনি। এজন্যই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছেন। অর্থের বিনিময়ে কমিটি বিক্রির অভিযোগ সম্পূর্ণ অসত্য।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুবের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।