স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নে মাত্র ৫০ টাকায় চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়েছেন ৪২ জন রোগী।
শনিবার (২৮ নভেম্বর) রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ১২তম মানবিক মেডিকেল ক্যাম্পে এ সেবা দেওয়া হয়।
বাণীবহ ছোট বাজারের হরেন মার্কেটে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া ক্যাম্প রোগীদের ভিড়ে দুপুর ২টা পর্যন্ত চলে। এতে চিকিৎসাসেবা ও পরামর্শ দেন ডা. সাব্বির আহমেদ। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়।
আয়োজকরা জানান, রোগীদের কাছ থেকে নেওয়া ৫০ টাকা চিকিৎসক গ্রহণ করেননি। সম্পূর্ণ অর্থ সংগঠনের কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তহবিলে জমা রাখার সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্প পরিচালনায় সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
স্বল্প খরচে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, যেখানে চিকিৎসকের পরামর্শ নিতে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ব্যয় হয়, সেখানে মাত্র ৫০ টাকায় এমন সেবা পাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য বড় সুযোগ। তাঁরা এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান।