স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার চরঝিকরি গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেপ্তার জিল্লু মণ্ডল ওই গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ওই ছাত্রী চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় যাচ্ছিল। পথে চরঝিকরি দক্ষিণপাড়া এলাকার একটি আখক্ষেতের কাছে পৌঁছালে জিল্লু মণ্ডল তার পথরোধ করে এবং জোরপূর্বক আখক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আত্মরক্ষার্থে ওই ছাত্রী অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করে। মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে জিল্লু মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী লোকমান হোসেন জানান, শিশুটির চিৎকার শুনে তারা ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সাথে নিয়ে অভিযুক্তের বাড়িতে যাওয়া হলে প্রথমে সে অস্বীকার করলেও পরে ঘটনার কথা স্বীকার করে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা দায়ের করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।