স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রায় সোয়া লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসাকেন্দ্র ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন গড়ে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে এলেও চিকিৎসক সংকট, বিভিন্ন বিভাগের কার্যক্রম বন্ধ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) অনুপস্থিতির অভিযোগে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, নির্ধারিত কর্মদিবসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান কর্মস্থলে উপস্থিত ছিলেন না। হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত বৃহস্পতিবার তিনি কর্মস্থল ত্যাগ করেন। পরবর্তী কয়েক দিন একাধিকবার খোঁজ নিয়েও তাকে হাসপাতালে পাওয়া যায়নি। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি তিন দিনের ছুটিতে রয়েছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, তিনি সম্ভবত এক দিনের ছুটি নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ডা. মারুফ হাসান ২০২৫ সালের ১২ মে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর বিভিন্ন সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তার অনুপস্থিতির সুযোগে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। সম্প্রতি আবাসিক মেডিকেল কর্মকর্তার বদলির পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।
হাসপাতালের জনবল কাঠামো অনুযায়ী কাগজে-কলমে ১৭ জন চিকিৎসকের পদ থাকলেও বাস্তবে অনেক পদ কার্যকর নেই। হাসপাতাল সূত্রে জানা যায়, গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. সাবরিনা মেহের ২০২৪ সালের আগস্টে যোগদান করেন। প্রথম দিকে সপ্তাহে মাত্র একদিন দায়িত্ব পালন করতেন বলে অভিযোগ রয়েছে। কয়েক মাস অপারেশন পরিচালনার পর চলতি বছরের জুন থেকে গাইনি বিভাগের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে।
সবচেয়ে সংকটজনক পরিস্থিতি শিশু বিভাগে। হাসপাতাল সূত্রের দাবি, জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আলাউদ্দিন ২০১৮ সালে যোগদানের পর অল্প কিছুদিন দায়িত্ব পালন করে দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরে সাময়িকভাবে ফিরে এলেও আবারও দায়িত্বে অনিয়মিত হয়ে পড়েন। ফলে পদটি কার্যত অকার্যকর থাকায় নতুন চিকিৎসক নিয়োগের সুযোগও তৈরি হয়নি।
এ ছাড়া জুনিয়র কনসালট্যান্ট (প্যাথলজি) ডা. নাবিলা নুজহাত দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। সম্প্রতি নিয়োগ পাওয়া পাঁচ চিকিৎসকের মধ্যে তিনজন বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেষণে কর্মরত রয়েছেন। ফলে কাগজে-কলমে চিকিৎসক থাকলেও বাস্তবে রোগীদের সেবা দিতে কর্মরত চিকিৎসকের সংখ্যা অনেক কম।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা উজানচর ইউনিয়নের মৃধাডাঙ্গা এলাকার রেহেনা খাতুন বলেন, ব্যথার চিকিৎসার জন্য কয়েক দিন ধরে হাসপাতালে আসছি। চিকিৎসক না পেয়ে শেষ পর্যন্ত টাকা দিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে হয়েছে। গরিব মানুষের জন্য এটা খুব কষ্টের।
স্থানীয় বাসিন্দা রাফিজা খাতুন বলেন, হাসপাতালে এলে সামান্য সমস্যাতেও রাজবাড়ী বা ফরিদপুরে পাঠিয়ে দেওয়া হয়। সকালে এলেও অনেক সময় চিকিৎসক পরে আসেন।
এদিকে হাসপাতালের সরকারি কোয়ার্টারে থাকার নিয়ম থাকলেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিয়মিত সেখানে অবস্থান করেন না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা থাকলেও চিকিৎসকদের উপস্থিতি খাতায় নেওয়া হচ্ছে বলে হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
অভিযোগ রয়েছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, আমি বর্তমানে একটি প্রশিক্ষণে ঢাকায় আছি। তিনি সম্ভবত এক দিনের ছুটি নিয়েছেন। হাসপাতালে তিনি উপস্থিত নেই বিষয়টি জেনেছি, তার সঙ্গে যোগাযোগ করব। সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে যদি কোনো অনিয়ম থেকে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।