স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর উপজেলার সদর খাদ্য গুদামের সামনে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বিনোদপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকায় সদর খাদ্য গুদামের সামনের ময়লার ভাগাড়ে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি ময়লার ভাগাড়ে বিভিন্ন জিনিস কুড়াতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
হাবিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো আজও সকালে এখানে বিভিন্ন জিনিস কুড়াতে এসেছিলাম। একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পেয়ে খুলে দেখি কাপড়ে মোড়ানো একটি নবজাতকের মরদেহ। পরে স্থানীয়দের জানাই, তারা পুলিশকে খবর দেয়।
স্থানীয় বাসিন্দা আতাহার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অনেক মানুষ সন্তান পাওয়ার জন্য অপেক্ষা করেন, আর কেউ একজন এমন নিষ্ঠুরভাবে একটি নবজাতকের মরদেহ ফেলে গেছে। বিষয়টি মেনে নেওয়া খুবই কষ্টের।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত নবজাতকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।