স্টাফ রিপোর্টার, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে রাজবাড়ী জেলা পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির আনুষ্ঠানিকভাবে রাজবাড়ী জেলা পুলিশকে পুরস্কৃত করেন।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গ’ গ্রুপে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে এ সম্মাননা লাভ করে জেলা পুলিশ। এ সময় রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম (সেবা) সম্মাননা পদক ও পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রাজবাড়ী জেলা পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, এই অর্জন রাজবাড়ীবাসীর। ভবিষ্যতেও অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।