স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সদর থানায় দায়ের করা পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলার অন্যতম প্রধান আসামি মুরাদ জং (২৫)-কে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (২৭ জুন) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মুরাদ জং রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ঢেকিগাঁড়িয়া গ্রামের মাজেদ শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ এপ্রিল ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় সংলগ্ন একটি ফিলিং স্টেশনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলেন রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সে কর্মরত এসআই (নিরস্ত্র) শ্রীদাম চন্দ্র দাস, সঙ্গে ছিল সঙ্গীয় পুলিশ ফোর্স। এ সময় মুরাদ জংসহ কয়েকজন ব্যক্তি সিরিয়াল ভঙ্গ করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত কনস্টেবল মো. জুয়েল তাদের নিয়ম মেনে অপেক্ষা করতে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা কনস্টেবল জুয়েলের ওপর হামলা চালায় এবং পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনে বাধা দেয় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর এসআই শ্রীদাম চন্দ্র দাস বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তারে র্যাব-১০ এর সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির মাধ্যমে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে, তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-২ এর সহযোগিতায় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মুরাদ জংকে গ্রেপ্তার করা হয়
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।