স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পাটের গোডাউন, তুলার মিল, গ্যাস সিলিন্ডারের দোকান, কাপড় ও মুদিখানাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বহরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা বাজারের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা নেমে আসে।
আগুনে একটি পাটের গোডাউনে থাকা প্রায় ৫০০ মণ পাট পুড়ে যায়। এছাড়াও আশপাশের প্রায় ৪০টি দোকান সম্পূর্ণভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের তিনজন সদস্য আহত হন। আহতরা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত পানি সরবরাহ বা পাম্পের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কিছুটা সময় বেশি লেগেছে। ফলে ক্ষতির পরিমাণও বেড়ে গেছে।
পাট ব্যবসায়ী মিলন সিকদার জানান, তার গোডাউনে দুই শতাধিক মণ পাট ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। সব পুড়ে ছাই হয়ে গেছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেওয়ান সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের গোডাউনের পাশে থাকা একটি তুলার মিল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাজারের কাছে কোনো পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে সহায়তা প্রদান করা হবে।