স্টাফ রিপোর্টার,
রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ৫ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার (৮ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজবাড়ী সদর থানাধীন বিনোদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া কান্দি গ্রামের আক্কাস মন্ডলের ছেলে মো. আনোয়ার মন্ডল (৪০), আটদাপুরিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নুরনবী (১৯), বিনোদপুর গ্রামের মৃত আজাহার প্রামাণিকের ছেলে মো. আজিবর প্রামাণিক (৪০), রামকান্তপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে শান্ত মিয়া (২০) এবং ইন্দ্র নারায়নপুর গ্রামের লাল মিয়ার ছেলে মলঙ্গীর মিয়া (৩৫)।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান, মো. আরিফুল হক এবং মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। আদালত আটক ব্যক্তিদের মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ জানান, মাদক নির্মূলে জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।