রাজু আহমেদ, (রাজবাড়ী)রেট সিডিউল ৮০ শতাংশ বৃদ্ধির দাবিতে ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন মিনি ঠিকাদার কল্যাণ সমিতি। শনিবার (২ আগস্ট) দুপুরে এই কর্মসূচিতে ছয় জেলার শতাধিক মিনি ঠিকাদার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী জেলার মধ্যে ছিল—রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও বাগেরহাট। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন সমিতিতে মিনি ঠিকাদার হিসেবে কাজ করে যাচ্ছি। ঝড়-ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল রাখি। কিন্তু বিগত আট বছর ধরে আমাদের রেট সিডিউল বাড়ানো হয়নি। ফলে আমাদের প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতারা আরও জানান, দাবি না মানা হলে আগামী ১০ দিনের মধ্যে সকল কার্যক্রম স্থগিত করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন খন্দকার জহিরুল ইসলাম, সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মজিবর রহমান, সহ-অর্থ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি অনিক মোল্লা, সাধারণ সম্পাদক, ফরিদপুর জোন মোহাম্মদ মেহেদী হাসান, সমাজ কল্যাণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ মিজান, সাংগঠনিক সম্পাদক, ফরিদপুর জোন মোঃ ইমদাদুল, সহ-সভাপতি, ফরিদপুর জোন মোহাম্মদ সাইফুল ইসলাম, সহ-সভাপতি, রাজবাড়ী মোহাম্মদ করিম খান, সাধারণ সম্পাদক, মাদারীপুর পবিস খন্দকার রেজাউল কবির, সম্পাদক, মাদারীপুর মানববন্ধন শেষে ঠিকাদাররা ফরিদপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর পক্ষে উপ-পরিচালক (কারিগরি) মাসুদ রানার হাতে স্মারকলিপি তুলে দেন।