রাজু আহমেদ,( রাজবাড়ী) রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়-খোলা গ্রামে সাপের কামড়ে মোঃ আক্কাস আলী মন্ডল (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) গভীর রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমাতে যান আক্কাস আলী। রাত আনুমানিক ১১টার দিকে তার পায়ে হঠাৎ জ্বালা ও ব্যথা অনুভব করেন। বিষয়টি গুরুত্ব দিয়ে আলো জ্বালিয়ে দেখেন, পায়ের একটি স্থানে রক্ত ঝরছে এবং পাশে পড়ে আছে দুইটি বিষধর সাপ। পরে সাপের কামড়ের চিহ্নও স্পষ্টভাবে দেখা যায়।পরিবার ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন কবিরাজকে ডেকে এনে ঝাড়ফুঁক করান। তবে অবস্থার অবনতি হতে থাকে এবং শেষপর্যন্ত রাত ৩টার দিকে আক্কাস আলী মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে পরিবারে চলছে আহাজারি, আর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী বলছেন, রাতে সাপের উপদ্রব দিন দিন বাড়ছে। এ ধরনের মর্মান্তিক ঘটনা যেন আর না ঘটে, সে জন্য সচেতনতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।