স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট আটটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ ও ১৯ জুলাই রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই মো. শামসুজ্জোহা, এসআই অমিত কুমার বাকচী, এসআই মো. সোহেবুর রহমান, এএসআই নুর আলম এবং এএসআই মো. মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার রুপপুর গ্রামের মৃত ওহাব শেখের মেয়ে মোছা. অঞ্জনা খাতুন (২৬), আগমারাই গ্রামের তৌহিদ তপেদারের ছেলে মো. রাসেল তপেদার, বিনোদপুর গ্রামের ছলিম শেখের ছেলে শাকিল শেখ, বাগমারা দক্ষিণপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৩৫) এবং রাধাকান্তপুর গ্রামের মৃত মোজাহার দেওয়ানের ছেলে মো. রশিদ দেওয়ান।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে রাজবাড়ী সদর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।