রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের অধীনে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট যুব রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে মোঃ হালিম আল রাজিকে যুব প্রধান মনোনীত করা হয়।
রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, ভাইস চেয়ারম্যান এ.বি.এম. মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম ও ইউনিট লেভেল অফিসার মোঃ রফিকুল ইসলাম যৌথভাবে স্বাক্ষর করে নতুন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে উপ-যুব প্রধান-১ হিসেবে খন্দকার নাসিম রানা এবং উপ-যুব প্রধান-২ হিসেবে জান্নাতুল সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগে প্রধান হিসেবে মেহরাব করিম সায়মুন এবং উপ-প্রধান হিসেবে সাজিদ শাহরিয়ার; প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগে প্রধান সাহেরা ও উপ-প্রধান রাসেল প্রামাণিক; আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগে প্রধান আমিন মুন্সী ও উপ-প্রধান মোঃ রেজাউল; দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগে প্রধান মোঃ সাজিদ হাসান ও উপ-প্রধান জাহানারা ইয়াসমিন; স্বাস্থ্যসেবা বিভাগে প্রধান মোছাঃ শিউলী খাতুন ও উপ-প্রধান সোনালী খাতুন এবং তহবিল সংগ্রহ বিভাগে প্রধান সোনিয়া আক্তার সুইটি ও উপ-প্রধান আইরিন আক্তার রিতুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত যুব প্রধান মোঃ হালিম আল রাজি শৈশব থেকেই বিভিন্ন সেবামূলক ও নেতৃত্বমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। রাজবাড়ী কিন্ডারগার্টেন প্রাইমারি স্কুলে স্কাউট কমান্ডার হিসেবে তার নেতৃত্বের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আর.এস.কে. ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে স্কাউট কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচনে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে ক্যাবিনেট প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাজবাড়ী সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট (প্লাটুন ইনচার্জ) এবং সুন্দরবন রেজিমেন্টের গার্ড অব অনার ক্যাডেট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাজবাড়ী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শৈশব থেকে এখন পর্যন্ত তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
দায়িত্ব গ্রহণের পর যুব প্রধান মোঃ হালিম আল রাজি বলেন, সদর দপ্তরের পরিচালক সায়মা ফেরদৌসী, রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া, ভাইস চেয়ারম্যান এ.বি.এম. মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম এবং ইউনিট লেভেল অফিসার মোঃ রফিকুল ইসলাম যে বিশ্বাস আমার ওপর রেখেছেন, কাজের মাধ্যমে আমি তার সর্বোচ্চ সম্মান রাখার চেষ্টা করব।
রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া ও সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম বলেন, নতুন এই যুব কমিটি রাজবাড়ীতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।
এদিকে, জাতীয় সদর দপ্তরের যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী এক অফিসিয়াল পত্রে রাজবাড়ী ইউনিটের নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি নবগঠিত কমিটির যুব প্রধান মোঃ হালিম আল রাজিসহ সব সদস্যকে অভিনন্দন জানান। একই সঙ্গে তরুণ এই টিম মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।