স্টাফ রিপোর্টার, রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের শ্রীপুর এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জুলাই পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জুলাই পরিবারের সদস্যসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় জুলাই পরিবারের সদস্যরা বলেন, আন্দোলনে নিহত ও আহতদের ঘটনার দুই বছর অতিক্রম হলেও বিচার প্রক্রিয়ায় প্রত্যাশিত অগ্রগতি দৃশ্যমান হয়নি। তারা দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের ঘোষিত সহায়তা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।