স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মান ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বালিয়াকান্দি বাজার ও বহরপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ফল, মিষ্টি ও মুদি দোকানে পণ্যের মূল্যতালিকা, মান এবং ক্রয় রসিদ যাচাই করা হয়। ক্রয় রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বালিয়াকান্দি সরকারি কলেজ সংলগ্ন ফলের আড়তের মালিক মো. সাহাবুদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সংরক্ষণ করার দায়ে বহরপুর বাজারের সাহা মিষ্টান্ন ভান্ডারের মালিক সাগর সাহাকে ১ হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের সোলেমান হোটেলের মালিকের পুত্র সালমান শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উভয় বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় বাজার স্থিতিশীল রাখা অত্যন্ত জরুরি। কেউ অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থির করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।