দেবর ও তার স্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ; পাল্টা বক্তব্যে ভিন্ন দাবি অভিযুক্তের
স্টাফ রিপোর্টের : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মোছা. মেরিন বেগম (৩৫) নামে এক নারীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত এবং গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার দেবর ও দেবরের স্ত্রীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী মেরিন বেগম বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের তুলসীবরাট গ্রামের বাসিন্দা এবং সিরাজুল শেখের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত লাভলু শেখের সঙ্গে মেরিন বেগমের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রায় এক বছর আগে তাকে মারধর করে মাথায় আঘাত করা হলেও পারিবারিক সম্পর্কের কারণে তিনি সে সময় কোনো আইনগত ব্যবস্থা নেননি বলে দাবি করেন।
অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মেরিন বেগম নিজ বাড়িতে নাতনিকে কোলে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দেবরের স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাভলু শেখ ও রোজিনা বেগম ধারালো চাপাতি, রামদা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। মেরিন বেগম এর প্রতিবাদ করলে লাভলু শেখ হাতে থাকা লোহার রড দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এ ছাড়া ওই সময় তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মেরিন বেগম। পরে তার ছেলের বউ জান্নাতি বেগমকে কাঠের বাটাম দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় মেরিন বেগমকে চিকিৎসার জন্য বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অভিযোগে মেরিন বেগম আরও উল্লেখ করেন, ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন।
অভিযুক্ত লাভলু শেখ জানান গটনার দিন আমার প্রতিপক্ষ মেরিন বেগম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রী রোজিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করছিল এসময় আমি ঘটনা স্থলে ছুটে যাই।প্রতিপক্ষরা আমাকে লক্ষ করে কাঠের লাঠি দ্বারা আমাকে আঘাত করতে যায়। আমি মাথা সরিয়ে নিলে প্রতি পক্ষের লাঠি আঘাত মেরিনার বেগমের মাথায় লাগে তিনি যখম হন। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।