স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ি সংলগ্ন রামদিয়া-বহরপুর পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।
নিহত আমেনা বেগম উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আসমত শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে বসবাসরত ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিজ বাড়ি গোবিন্দপুরে ফিরছিলেন। পথিমধ্যে হঠাৎ তার পরনের ওড়না অটোভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।