স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর কালুখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা।
নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে তাদের পরিবারের বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকালে অভিযুক্তরা তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান।
তাহমিনার অভিযোগ করে বলেন, হামলার সময় ইট ও লাঠি দিয়ে আঘাত করা হলে তার বাবা নজরুল ইসলাম খান গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার মা জহুরা বেগম ও বোন রুনা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়।
খবর পেয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করেছে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।