স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরের কোতয়ালী থানাধীন কানাইপুরে একটি পুরাতন আধাপাকা ভবন থেকে ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার হওয়া কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদের অংশ বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠের উত্তর-পূর্ব পাশে অবস্থিত একটি পুরাতন আধাপাকা ভবনে অভিযান চালায় এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস দল।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে কানাইপুর এলাকায় অভিযান চালিয়ে শর্টগানের তাজা কার্তুজ, টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের মজুদ, পরিবহন ও ব্যবহার প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর অভিযান অব্যাহত থাকবে।