১৫ দিন পর ফের হামলা, পাঁচ লাখ টাকা না দিলে প্রাণনাশের হুমকির দাবি পরিবারের
স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মৌরাট গ্রামের ঋষিপাড়ায় সুশীল ঋষি নামে এক প্রবাসীর বাড়িতে চাঁদা দাবিতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠেছে।
এ সময় বাড়িতে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি লাইট নিয়ে যাওয়ারও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সুশীল ঋষি ও তার পরিবারের সদস্যরা।
সুশীল ঋষির দাবি, এর আগে প্রায় ১৫ দিন আগে একইভাবে তার বাড়িতে হামলা চালিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দেওয়ায় সোমবার রাতে আবারও বাড়িতে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বাড়িতে ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি লাইট নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, রাত ১২টার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। পরে জানতে পারেন, সুশীল ঋষির বাড়িতে আবারও হামলার ঘটনা ঘটেছে।
সুশীল ঋষি বলেন, একই গ্রামের খিরোদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত ও সামাজিক বিরোধ চলে আসছে। তার ইন্ধনেই বারবার তার বাড়িতে হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
সুশীলের মেয়ে অপর্ণা ঋষি বলেন, তার দুই ভাই বিদেশে থাকেন। হামলাকারীরা তাদের ফোন করে সোমবারের মধ্যে পাঁচ লাখ টাকা দিতে বলেছে। টাকা না দিলে তার বাবাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনূল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। জমি-সংক্রান্ত বিরোধের কথা তারা শুনেছেন। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।