স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর-বাহাদুরপুর এলাকায় প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শনে আসছেন সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে এ পরিদর্শন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরিদর্শন দলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকার কথা রয়েছে।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও পরিদর্শনকালে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, একনেক অনুমোদিত পদ্মা ব্যারেজ প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রকল্পের প্রস্তাবিত স্থান ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করা হবে। এ সময় প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা, কারিগরি বিষয়, প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও পর্যালোচনা করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে এ অঞ্চলের কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন, নদী ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই বৃহৎ প্রকল্পের কার্যক্রম দ্রুত শুরু হওয়ার সম্ভাবনায় পাংশা ও আশপাশের এলাকার মানুষের মধ্যে উৎসাহ ও আশাবাদ তৈরি হয়েছে।