স্টাফ রিপোর্টার, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় জজ আলী (৩৫) হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, পাংশা উপজেলার নাবরাদহ গ্রামের মৃত শাহাদত মন্ডলের ছেলে হাকিম মন্ডল এবং একই গ্রামের মৃত সমেশ মন্ডলের ছেলে করিম মন্ডল (৬৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় ২০ আগস্ট ২০২৬ তারিখে পাংশা থানায় জিআর নং-১৬৪ হিসেবে একটি হত্যা মামলা রুজু করা হয়। নিহত জজ আলীর মা আছিয়া খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাত আনুমানিক ৪টার দিকে পাংশা উপজেলার দড়ি বাংলাট মাঠের মধ্যে করিম মন্ডলের রাইস মিলের সামনের সড়কে জজ আলীকে ডেকে নেওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়।
খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জজ আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় এজাহারভুক্ত দুই আসামি হাকিম মন্ডল ও করিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।