স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি ভাঙারি দোকান থেকে ইউনিয়ন ভূমি অফিসের চুরি হওয়া মালামাল ও বিদেশি মদ উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোয়ালন্দ ঘাট থানায় চোরাই মালামাল উদ্ধারের ঘটনায় মামলা করেন দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী বেলাল মণ্ডল। এছাড়া বিদেশি মদ উদ্ধারের ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
দুটি মামলাতেই প্রধান আসামি করা হয়েছে আইয়ুব আলী খানের শ্যালক হালিম (৩৫)কে। এছাড়া বিএনপি নেতা আইয়ুব আলী খান, তার দুই ছেলে অনিক খা ও আরিফ খাসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
রোববার অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে হালিমকে গ্রেফতার করা হয়। পরে সোমবার তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।
এর আগে রোববার সকালে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের দরজা-জানালা ভেঙে কম্পিউটার মনিটর, সিসিটিভি সরঞ্জাম, ফ্যান, পানির মোটর, বৈদ্যুতিক লাইট, তারসহ ১১টি মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান থানা পুলিশকে সঙ্গে নিয়ে দৌলতদিয়া এলাকার বিভিন্ন ভাঙারি দোকানে অভিযান পরিচালনা করেন।
অভিযানের এক পর্যায়ে আইয়ুব আলী খানের ভাঙারি দোকান থেকে চুরি হওয়া ৯টি মালামাল উদ্ধার করা হয়। তবে কম্পিউটার মনিটর ও সিসিটিভি সরঞ্জাম সোমবার পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারের সময় ওই দোকান থেকে তিন বোতল বিদেশি মদও জব্দ করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হালিমকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল ও জব্দকৃত অন্যান্য আলামতের বিষয়ে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।