স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেগুলোকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দল।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকায় কৃষক দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শওকত জামান লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পাদিত (এডিট করা) অডিও ছড়িয়ে দিচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, উপজেলা কৃষক দলের বর্তমান কমিটি গঠনের সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক নিয়ম মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি ২০০৬ সালে যুবদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হই। এরপর থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। কিন্তু যারা আজ সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ তুলছেন, তারা ২০১৮ সালে তৎকালীন আওয়ামী লীগের সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। আমরা তখনও দলের সঙ্গেই ছিলাম।
শওকত জামান বলেন, আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে বিএনপির একজন সৎ, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত কর্মী হিসেবে রাজনীতি করে আসছেন। একটি সম্পাদিত অডিওকে কেন্দ্র করে তাঁর সম্মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মনির উদ্দিন, সহ-সভাপতি কুব্বাত সরদার, সাধারণ সম্পাদক তারা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন বেপারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরদার, প্রচার সম্পাদক আব্বাস মোল্লাসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা।
বক্তব্যের শেষাংশে শওকত জামান সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ ও যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। পাশাপাশি গুজবে কান না দিয়ে প্রকৃত সত্য উদঘাটনের অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে গোয়ালন্দ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।