স্টাফ রিপোর্টার, মেধা-বিজ্ঞান, উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন এবং বিজ্ঞানচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. তৈয়বুর রহমান।
কর্মসূচিতে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল দৌলতদিয়া মডেল হাইস্কুল, জামতলা উচ্চ বিদ্যালয়, চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, সানসাইন কলেজিয়েট স্কুল, গোয়ালন্দ প্রপার হাই স্কুল, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট, লোটাস কলেজিয়েট স্কুল, গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ এবং রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ।
প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করে। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ দ্বিতীয় এবং সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কার্যক্রমে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।