স্টাফ রিপোর্টার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গোয়ালন্দ বাজার এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সভাপতি মো. ফারুক দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক মো. খাইরুল আনাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ আল রেজা ও মো. মনোয়ার হোসেন মিন্টু।
এ ছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মণ্ডল, যুবদল নেতা শামীম মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাইনউদ্দিন সরদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুন্নু মুন্সী, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি মো. চান মিয়া এবং স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক মো. খাইরুল আনাম বকুল বলেন, তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছেন। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার সামাজিক অঙ্গীকার।”
তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ও কর্মীরা গোয়ালন্দ বাজার এলাকার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।