স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ এক জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীর মুন্সিবাজার এলাকায় দৌলতদিয়া নৌ পুলিশের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক জেলে সালমান (২১) গোয়ালন্দ উপজেলার চরকাঁচরন্দ এলাকার আজিজ মণ্ডলের ছেলে।
দৌলতদিয়া নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের সময় সালমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ১ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, পদ্মা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের সময় এক জেলেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।