স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মো. শওকত মোল্লাকে পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা মো. আমিন সরদারকে তার আগের পদ যুগ্ম সাধারণ সম্পাদক-১ হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
উপজেলা বিএনপির চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ নভেম্বর গোয়ালন্দ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সভার রেজুলেশনের মাধ্যমে দলীয় কাজে অনুপস্থিতির কারণে মো. শওকত মোল্লাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। একই সময়ে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের জন্য তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. আমিন সরদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
পরে শওকত মোল্লার দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব ও আবেদন এবং চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে তার দলীয় কাজে অনুপস্থিতির বিষয়ে দেওয়া ব্যাখ্যাকে সত্য ও সন্তোষজনক বলে মনে করে উপজেলা বিএনপি। এর পরিপ্রেক্ষিতে তাকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরদিকে, পৃথক চিঠিতে মো. আমিন সরদারকে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, শওকত মোল্লাকে সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করায় আমিন সরদারকে তার পূর্বের পদে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হলো।
উভয় আদেশেই বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।