রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ড্রাগ আইন, ১৯৪০ লঙ্ঘনের দায়ে চারটি ওষুধের দোকানকে (ফার্মেসি) মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ড্রাগ আইন, ১৯৪০-এর অধীন বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ায় চারটি ফার্মেসির মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো,মেসার্স সরদার ড্রাগ হাউস। প্রতিষ্ঠানটির মালিক মো. একরাম সরদারকে ৫ হাজার টাকা; মেসার্স নিউ মমতাজ মেডিসিন কর্নার-এর মালিক মো. নাজমুল হাসানকে ২ হাজার টাকা; মেসার্স লিলি ফার্মেসি-এর মালিক মো. ইউসুফ হোসেনকে ১০ হাজার টাকা এবং মেসার্স মোস্তফা ড্রাগ হাউস-এর মালিক মো. মোস্তাক আহমেদকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান জানান, জনস্বার্থে ও ওষুধের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।