স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রীর ঘোষিত কৃষক কার্ড কর্মসূচির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় কৃষকদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, কৃষি উপসহকারী কর্মকর্তাসহ স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনায় বক্তারা বলেন, কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি বিভিন্ন সহায়তা আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ, নির্ভুল যাচাই-বাছাই এবং তালিকা প্রণয়নে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, কৃষক কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে কৃষি বিভাগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, কোনো প্রকৃত কৃষক যেন বাদ না পড়েন এবং হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সভায় উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কৃষক কার্ডের উদ্দেশ্য, সুবিধা এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।