স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘ একমাস একদিন আগে নিখোঁজ স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) সহ-সভাপতি লিলি বেগমের (৩৮) সন্ধান দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১১ডিসেম্বর) মুক্তি মহিলা সমিতির কার্যালয় সংলগ্ন রেল লাইনের পাশ দিয়ে মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে ২ শতাধিক নারী-পুরুষের অংশ গ্রহনে বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে আলো প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর মো.নুরুজ্জামানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির (এমএমএস) প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জ, কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফকির আমজাদ হোসেন, পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার ম্যানেজার মুজিবুর রহমান জুয়েল, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ফরিদা পারভিন, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার, নিখোঁজ লিলি বেগমের জামাতা মুরাদ হাসান এবং চাইল্ড ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন বেপারীসহ প্রমূখ।
মানববন্ধনে বক্তারা নিখোঁজ লিলি বেগমের সন্ধানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেন। এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিখোঁজের এক মাস পেরিয়ে গেলেও প্রশাসন লিলি বেগমের কোন সন্ধান দিতে পারেনি।সে এখনও বেঁচে আছে না মরে গেছে তা আমরা কেউ জানিনা। তার সন্ধান ও নিখোঁজের সাথে জড়িতদের জনসম্মূখে আনার আহব্বানও জানান তারা । অন্যথায় আগামী ৭দিনের মধ্যে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন।