স্টাফ রিপোর্টার: ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আটকে রাখা, জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা এবং নির্যাতনের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি এবং বাহির চর দৌলতদিয়ার মজি ফকির পাড়ার বাসেদের ছেলে মোদী ফকির। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া একই আইনের ১১ ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে প্রতারণার মাধ্যমে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসা হয়। পরে তাকে মজি ফকিরের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হয়।
তরুণী এতে অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ১৭ নভেম্বর রাত থেকে পরদিন ১৮ নভেম্বর সকাল পর্যন্ত তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তীতে দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মী ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে ভুক্তভোগী তরুণী গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে সাক্ষীদের জবানবন্দি ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দেন।
রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় দিয়েছেন। তিনি রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন।