স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির নেতারা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ, সদস্য আবু সাইদ মন্ডলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকালে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, মঙ্গলবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কুষ্টিয়া জেলা সফর করেন। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে সামনে রেখে সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির আওতায় সম্ভাব্য খাল খনন উদ্বোধনের স্থান পরিদর্শন করেন তিনি।
সফরকালে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল ও মরা গড়াই খালের বিভিন্ন স্থান ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখননের ওপর গুরুত্বারোপ করেন তিনি।