স্টাফ রিপোর্টার: প্রজন্ম থেকে প্রজন্মে পরস্পরের প্রতি আস্থার সম্পর্কই শক্তি, সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে চলার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনন্দঘন পরিবেশে আইএফআইসি ব্যাংকের গোয়ালন্দ বাজার পিএলসি শাখায় ‘অবিচল বিশ্বাসে’ ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক (ম্যাসেজার) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশাররফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ প্রেস ক্লাবের সভাপতি আজু শিকদার, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সহসভাপতি জিয়াউল হক বাবলু, সাধারণ সম্পাদক মো. খোকন শেখ, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল প্রমুখ।
আয়োজনে ব্যাংকের দীর্ঘ পথচলা, গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক এবং ভবিষ্যতে আরও উন্নত ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংক সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অতিথিরা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, একটি আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘস্থায়ী সাফল্যের পেছনে গ্রাহকদের আস্থা ও নির্ভরতার সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করে ব্যাংকটি ভবিষ্যতে মানুষের আর্থিক ও অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে,এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।