সড়কে কাদা জমে বাড়ছে জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত হচ্ছে পিচঢালা রাস্তা; নিয়মিত অভিযান চালানোর ঘোষণা প্রশাসনের
স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ আঞ্চলিক সড়কে নিয়মবহির্ভূতভাবে ভেজা বালি পরিবহনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া ও জনদুর্ভোগের অভিযোগে ছয়টি ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে গোয়ালন্দ আঞ্চলিক সড়কে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেজা বালি বহনকারী ছয়টি ড্রাম ট্রাকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানকালে প্রশাসনের পক্ষ থেকে দেখা যায়, ড্রাম ট্রাকগুলোতে অতিরিক্ত ভেজা বালি পরিবহনের সময় বালির সঙ্গে থাকা পানি চুইয়ে সড়কে পড়ে কাদার সৃষ্টি হচ্ছে। এতে পিচঢালা সড়কের ওপর কাদা জমে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
উপজেলা প্রশাসন বলছে, ভেজা বালি পরিবহনের কারণে সড়কের স্থায়িত্ব কমে সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে সড়কে কাদা জমে সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইন অমান্য করে ভেজা বালি পরিবহনের দায়ে ছয়টি ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট চালক ও মালিকদের ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, ভেজা বালি পরিবহনের ফলে সরকারি সম্পদ,সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে।
আজ আমরা ছয়টি ড্রাম ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট চালক ও মালিকদের কঠোরভাবে সতর্ক করেছি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।