ডেস্ক রিপোর্ট : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজবাড়ী ইউনিটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, সেক্রেটারি মো. নজরুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুব স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন ও জমে থাকা আবর্জনা পরিষ্কার, ঝোপঝাড় ও অতিরিক্ত ঘাস ছাঁটাই এবং জমে থাকা পানি ও বিভিন্ন পাত্র অপসারণ করে সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি রোগী ও তাঁদের স্বজনদের ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধ ও করণীয় সম্পর্কে সচেতন করা হয়।
রেড ক্রিসেন্টের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত এ কর্মসূচি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।