স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির দায়ে মেসার্স জান্নাতি পোল্ট্রি ও ফিডস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা-সংলগ্ন এলাকায় পশুখাদ্যের যথাযথ মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানকালে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রির বিষয়টি প্রমাণিত হলে মেসার্স জান্নাতি পোল্ট্রি ও ফিডস প্রতিষ্ঠানটিকে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২০ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, জনস্বার্থে পশুখাদ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।